মামলা থেকে নাম সরাতে ১ কোটি টাকা চাওয়া হয়েছিল: সাকিব

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:০১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দাবি করেছেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকা চাওয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, মামলা, জাতীয় দলে ফেরা এবং নিজের বর্তমান অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এসব মামলার কয়েকটিতে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামও অন্তর্ভুক্ত করা হয়।

সাক্ষাৎকারে সাকিব বলেন, একটি পক্ষ তার কাছে প্রস্তাব দিয়েছিল- নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে মামলার তালিকা থেকে তার নাম সরিয়ে দেওয়া হবে। তবে তিনি মনে করেন, যারা এমন কথা বলেছেন তারা আইনগত প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না।

সাকিব বলেন, ‘বলেছে, এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। কিন্তু যারা বলছে, তাদের ধারণা নেই যে মামলা হয়ে যাওয়ার পর চাইলেই নাম সরানো যায় না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই ঠিক হবে আমার সম্পৃক্ততা ছিল কি না।’

কারা এ প্রস্তাব দিয়েছিল— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এফআইআরে যোগাযোগের জন্য যে ব্যক্তির নাম ছিল, তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন। তবে বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।

নিজের অবস্থান ব্যাখ্যা করে সাবেক এই অধিনায়ক বলেন, ‘এসব টাকা দিয়ে কেন করতে হবে? টাকা দেওয়া মানে তো আমার সমস্যা আছে। আমি চাইছি আমাকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক টাকা আছে।’

দেশে ফেরার প্রসঙ্গে সাকিব বলেন, দেশে ফিরতে তার আইনগত কোনো বাধা নেই। তবে নিজের নিরাপত্তা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়াকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন।

তার ভাষায়, ‘আমি চাই স্বাভাবিক নিরাপত্তা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা উঠে যাক। এ দুটি বিষয় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা না ওঠানো পর্যন্ত আমার পক্ষে দেশে যাওয়া সম্ভব নয়।’

গ্রেপ্তারের ভয় নেই বলেও জানান সাকিব। তবে ব্যক্তিগত শত্রুতা কিংবা জনরোষ থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জাতীয় দলে না খেলতে পারার বিষয়েও আক্ষেপ করেন এই অলরাউন্ডার। তার বিশ্বাস, এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সামর্থ্য রয়েছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে দলকে অবদান রাখতে পারবেন বলেও মনে করেন তিনি।

২০২৭ বিশ্বকাপ সামনে রেখে আবারও নিজেকে প্রস্তুত করার ইচ্ছার কথাও জানান সাকিব। সুযোগ পেলে কয়েকটি সিরিজ খেলে নিজের অবস্থান যাচাই করতে চান বলেও উল্লেখ করেন তিনি।

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা নেই বলেও জানান সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘আজকে যেটা ঠিক মনে হয় না, পাঁচ বা দশ বছর পরে হয়তো সেটাই ঠিক মনে হবে। আমি একটি নির্দিষ্ট এলাকা থেকে সংসদ সদস্য হয়েছিলাম। এলাকার মানুষ ভোট দিয়েছেন বলেই আমি জিতেছি।’

দেশের রাজনীতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন সাকিব আল হাসান। তার মতে, সেবা করার বদলে ব্যক্তিস্বার্থে রাজনীতিতে আসার প্রবণতার কারণেই মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তবে পরিবর্তনের জন্য রাজনীতিকেই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখছেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495